বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮

নির্বাচনি ফলাফল

দাদা বাঘ মার্কায় দাঁড়িয়ে ছিলেন।
গ্রামের নির্বাচন, মেম্বারী পদ। পাশ তিনি
করতে পারেননি; তবু নাম রটে গেলো বাঘ।
প্রতাপ বুঝাতে নিজের জমিতে করেছিলেন
একটি বাজার স্থাপন, সে বাজার আজও
বাঘের বাজার নামে খ্যাত।

খাদ্যের চাহিদা মিটে গেলে মানুষ
সুনামের কাঙাল হয়। নাম-সুনাম
জুটে গেলে চায় ক্ষমতা।
আমার বন্ধুর মামা, জীবিকার
অভাব ছিল না, তাই চেয়েছিলেন সুনাম।
পরিচিতি অর্জনের সহজ উপায়
নির্বাচনে দাঁড়ানো।
পরাজয় নিশ্চিত, জনগন চায় না জেনেও
টাকার জোরে নাম লিখালেন
চেয়ারম্যান পদপ্রার্থীর তালিকায়। লটারীক্রমে
মার্কা জুটলো গাভী, মানে গাই।

যখন ফেল মারলেন, গ্রামসুদ্ধলোক বলতে লাগলোÑ
গাই ফুতছে...’  নির্বাচনে পরাজিত হওয়া তো
শুয়ে পরারই সমতুল্য।
সেই থেকে তাকে দেখলেই
লোকে বলাবলি করেÑ ‘গাই আইতাছে, গাই।
সুনাম ছড়াতে গিয়ে লোকটার রটে গেল কতো বদনাম...!

দান প্রত্যাহরণ

এই যে শুনুন। এক ভিখারি হাত বাড়াতেই
দিলাম পাঁচটি টাকা। সবুর তো নেই
তার মুখে...!  সে চাইলো যেন আরও দেইÑ
দশ কিংবা পনেরো। অমনি কেড়ে নিয়ে
পাচঁ টাকার নোট রেখে দিলাম নিজ-পকেটেই।
এবং গলাধাক্কাÑ ‘যা ব্যাটা, যা... মন ভরে না
সহজে কেনো তোর...!’Ñ আমার বিশ্বাস রেগে গিয়ে
আপনিও তাই করতেন। অকৃতজ্ঞকে কেউ দান করে না।

আসল কথায় আসি। বিধাতা যখন
আমাদের দেয় কিছু, যেমন সুখ-শান্তি-প্রতিপত্তি
অতৃপ্ত অন্তরে আরও চাই, আরও খুঁজি। হয়তো তখন
ঘটে বিপত্তি। শুনেছি সমস্ত প্রাণিকূল
পশু-পাখি-মাছ-গাছ শুকরিয়ায় মশগুল
সামান্য পেয়েই; তাই আরও পায়। মানুষেরই শুধু
অভাব অভাব স্বভাব। শুকরিয়া নেই বলে
বিধাতা নারাজ হয়ে অর্পিত দান পূনরায় নেন তুলে।